নওগাঁয় ব্র্যাকের নৈশপ্রহরীর
ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ব্র্যাক অফিস থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ জানুয়ারী শুক্রবার দুপুরে থানা পুলিশ উপজেলা শহরের ব্র্যাক অফিসের নৈশপ্রহরী শাকিব হোসেনের (২৩) অফিস রুম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নৈশপ্রহরী শাকিব উপজেলার এনায়েতপুর গ্রামের লিটনের ছেলে। ব্র্যাক ম্যানেজার মফিজুল ইসলাম জানান, নৈশপ্রহরী শাকিব বাড়ি থেকে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসে আসেন এবং শুক্রবার সকালে অফিসের বিশ্রাম রুমে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দেয়া শাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তিনি থানা পুলিশকে খবর দেন। জানা গেছে, গত ৭ মাস আগে শাকিব বিয়ে করেন। তার রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোসহ এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।