ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বান্দরবানে বিজিবির উদ্যোগে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:
অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে বান্দরবান বিজিবি সেক্টরের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্নেল মোহাম্মদ রুবায়েত জামিল (ডিএসপি) মহোদয়, সেক্টর কমান্ডার, বিজিবি, বান্দরবান জোন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।
সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এই প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও বলেন,
“বান্দরবান পার্বত্য জেলা পুলিশ বিজিবিসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে-কোনো ধরনের নাশকতা, গুজব অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত সকল কর্মকর্তাগণ পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নির্বাচন ও গণভোট চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিজিবি, পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।