তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বড়াইগ্রামে বিএনপির বিক্ষোভ, জুতা নিক্ষেপ
নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা অভিযুক্ত ব্যক্তির প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও জুতা পেটা করেন। তাদের অভিযোগ, বড়াইগ্রামের বাসিন্দা আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে তারেক রহমানকে উদ্দেশ্য করে অবমাননাকর ও রুচিহীন মন্তব্য করেছেন।
সমাবেশে বক্তারা বলেন, এই ধরনের বক্তব্য শুধু একজন রাজনৈতিক নেতাকে নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও ভিন্নমতের প্রতি চরম অবজ্ঞার শামিল। তারা অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সময়কার রাজনৈতিক দমন-পীড়ন ও বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করা হয়।
সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। নাটোর সদর-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় না আনা হলে মাঠপর্যায়ে নেতাকর্মীদের ক্ষোভ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তিনি প্রশাসনকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলেও আজ পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়নি। এসব ঘটনাকে তিনি রাজনৈতিক দুঃশাসনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা মোঃ শামসুল হক রনি, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বিপুল এবং পৌর ছাত্রদল সভাপতি মাসুম।
এছাড়া নাটোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। পুরো কর্মসূচি জুড়ে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ লক্ষ্য করা যায়।