গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মিয়া কসাই গ্রেফতার
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড তাজা গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মিয়া কসাইকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশের একটি বিশেষ দল নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে মিয়া কসাইকে আটক করে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি স্বর্ণরঙা ও একটি কালো রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পাশাপাশি পিস্তল দুটির সঙ্গে ব্যবহৃত একাধিক ম্যাগাজিনসহ মোট ২৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিয়া কসাই অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে গাছা থানা ছাড়াও গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গাছা থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করার জন্য থানার মালখানায় জমা রাখা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গাজীপুর মহানগরকে সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তারা উল্লেখ করেন।