রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে কুখ্যাত ভক্ত বাউল আবুল কর্তৃক পবিত্র কুরআন ও মহান আল্লাহ সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, ইমাম, খতিব, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কুরআন ও মহান আল্লাহ সম্পর্কে অবমাননাকর ও কটূক্তিমূলক বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। এ ধরনের ন্যাক্কারজনক বক্তব্য ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
বক্তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
কর্মসূচিটির আয়োজন করে কওমি মাদ্রাসা কল্যাণ পরিষদ ও ইমাম কল্যাণ পরিষদ, মুকসুদপুর