আলীকদমে সেনা জোনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন কর্তৃক দুর্গম এলাকার হতদরিদ্র পাহাড়ি সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
০৪ জানুয়ারি ২০২৫ঃখ্রিষ্টাব্দ, আলীকদম সেনা জোনের আওতাধীন মেন্দনপাড়া আর্মি ক্যাম্প হতে আনুমানিক ১১ কিলোমিটার পূর্বে কুরুকপাতা ইউনিয়নের গর্জনী পাড়ায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। আলীকদম সেনা জোনের জোন কমান্ডার মহোদয়ের নির্দেশনায় লেফটেন্যান্ট তাফসির মাহমুদ (ক্যাম্প কমান্ডার, মেনদনপাড়া আর্মি ক্যাম্প) এর নেতৃত্বে সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে ৫০ জন অসহায় ও হতদরিদ্র পাহাড়ি সম্প্রদায়ের মানুষের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কারবারি এবং সুবিধাবঞ্চিত জনগণসহ আনুমানিক ৬০-৭০ জন উপস্থিত ছিলেন।
এ সময় মেনদনপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার তাঁর বক্তব্যে বলেন, আলীকদম সেনা জোন যেকোনো পরিস্থিতিতে স্থানীয় জনগণের পাশে থাকবে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে আলীকদম সেনা জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় হয়েছে বলে স্থানীয়রা অভিমত ব্যক্ত করেন।